স্বপ্ন থেকে সাফল্য: সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী এখন রাণীশংকৈলের ইউএনও

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৯:৩১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৯:৩৪:১৪ অপরাহ্ন
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:



ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঘটেছে এক বিরল ও অনুপ্রেরণাদায়ক ঘটনা। ২০১৭ সালে যে কর্মকর্তা এই উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে সেই কর্মকর্তা প্রায় নয় বছর পর একই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েছেন। আলোচিত এই কর্মকর্তার নাম গোলাম রব্বানী সরদার। গত ২৭ জুলাই তিনি রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।


এরপর ৩০ জুলাই উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থেকে একই উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের ঘটনায় স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের ৩০ নভেম্বর গোলাম রব্বানী সরদার রাণীশংকৈল উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সে সময় তিনি কাদিরহাট ক্লাস্টারের দায়িত্ব পালন করেন।


মাঠপর্যায়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবিষয়ক বিভিন্ন কার্যক্রমে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তবে সরকারি চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি নিজের স্বপ্ন ও উচ্চ লক্ষ্য থেকে পিছিয়ে যাননি গোলাম রব্বানী সরদার। দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। একপর্যায়ে কঠোর অধ্যবসায় ও মেধার জোরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিসে যোগ দেন তিনি। পরবর্তীতে রাণীশংকৈলের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেলে গোলাম রব্বানী সরদার ২৭ জুলাই রাণীশংকৈল উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা বলছেন, একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যে উপজেলায় কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেছিলেন, দীর্ঘ সময় পর সেই একই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ফিরে আসা নিঃসন্দেহে একটি অনুপ্রেরণাদায়ক ঘটনা। তাঁর এই অর্জন তরুণ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁরা আরও বলেন, সততা, ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে একজন মানুষ তাঁর কর্মজীবনে কতটা উচ্চতায় পৌঁছাতে পারেন—গোলাম রব্বানী সরদারের ক্যারিয়ার তার একটি উজ্জ্বল উদাহরণ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, “আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষকতা ছেড়ে বিসিএস ক্যাডার সার্ভিসে যোগদান করেছি। এখন আমার পরিচয় উপজেলা নির্বাহী কর্মকর্তা।


বর্তমান সরকারের সকল দায়িত্ব মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।” তিনি সরকারি সব কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। একই উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা—গোলাম রব্বানী সরদারের এই কর্মজীবনের যাত্রা এখন রাণীশংকৈলবাসীর কাছে আলোচনার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]