গ্যাস সংকটসহ নগর সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানালেন সাইফুল আলম খান মিলন

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:১৭:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:১৭:৪৬ পূর্বাহ্ন
রাজধানীর বিজয় সরণির একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত নগর উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা ও সুধী সমাবেশে গ্যাস সংকট, দুর্নীতি, জলাবদ্ধতা, নগর নিরাপত্তা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, গ্যাস সংকটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো সুখবর নেই। তবে এ সমস্যা সমাধানে সরকারের একটি মেগা পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়ন হতে তিন থেকে চার বছর সময় লাগতে পারে বলে জানান। তিনি বলেন, করদাতাদের যেন ট্যাক্স দিতে গিয়ে এক টাকাও ঘুষ দিতে না হয়, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। সিটি কর্পোরেশনের দায়িত্ব জামায়াতের হাতে এলে নগর ব্যবস্থাপনাকে নতুনভাবে সাজানো হবে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সাইফুল আলম খান মিলন আরও বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা যোগ্যতার অভাব নয়, বরং দুর্নীতি। পাশাপাশি তিনি দাবি করেন, জামায়াতের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের মাধ্যমে বহু সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা পাচ্ছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোট কোনোভাবেই হাইজ্যাক হতে দেওয়া হবে না। যদি ভোট কারচুপির চেষ্টা করা হয়, তাহলে ক্ষমতাসীনদের কঠোর জবাব দেওয়া হবে। সেলিম উদ্দিন বলেন, দীর্ঘদিনেও রাজধানীর মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। চাঁদাবাজি, মাদকাসক্তি, পানি ও গ্যাস সংকট, যানজট এবং ফুটপাত দখল নাগরিক জীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে। এসব সমস্যার সমাধানে সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্বের বিকল্প নেই। তিনি জানান, সড়কে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে যানজট অনেকাংশে কমানো সম্ভব। বিশেষজ্ঞ প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত নগর উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়েছে। যা সেলিম উদ্দিন ভবিষ্যতে বাস্তবায়ন করবেন। জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, বর্ষা শুরুর আগেই ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার, নিয়মিত খাল খনন এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে রাজধানীর জলাবদ্ধতা অনেকটাই কমানো সম্ভব। তিনি আরও বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে মানুষ এই শহরকে নিয়ে গর্ব করতে পারে। সন্তানের নিরাপত্তা, স্বাস্থ্যকর পরিবেশ ও বাসযোগ্য নগর গড়ে তোলাই তাদের অঙ্গীকার। সেলিম উদ্দিন দাবি করেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার আটটি সংসদীয় আসনে গড় ভোটের হিসাবে জামায়াত ক্ষমতাসীন দলের চেয়ে এগিয়ে রয়েছে। তিনি বলেন, রাজধানীকে পরিবর্তন করতে হলে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীও মতামত ব্যক্ত করেন। তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। পাশাপাশি জলাবদ্ধতা, মাদক, নিরাপত্তাহীনতা এবং শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও সামাজিক সুযোগ-সুবিধার অভাব তাদের নিত্যদিনের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। তেজগাঁও উত্তর থানা আমীর হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি রাসিবুল হক নাসিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও ঢাকা মহানগর উত্তরের মিডিয়া ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদি ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]