কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৭:১৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৭:২১:২১ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি:


পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজার এলাকায় পরপর তিনটি চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে দক্ষিণ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আমিনের বাসায় চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুল আমিন জানান, গভীর রাতে সুকৌশলে চোরচক্র তার বসতঘরে প্রবেশ করে আলমারি খুলে ভেতরে রাখা একটি ব্যাগ থেকে নগদ ৩ লাখ ৬২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি আলমারি খোলা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।


পরে আলমারিতে রাখা নগদ টাকা খুঁজে না পেয়ে বিষয়টি নিশ্চিত হন। তিনি জানান, জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে ওই টাকা আলমারিতে সংরক্ষণ করা হয়েছিল। ঘটনার পর তিনি কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাজার এলাকায় এটি অল্প সময়ের ব্যবধানে তৃতীয় চুরির ঘটনা। এর আগে দক্ষিণ বাজারের বাবুল কর্মকারের স্বর্ণের দোকানে চুরি এবং তালুকদার কসমেটিক্সে চুরির ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকাবাসীর অভিযোগ, একের পর এক চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাত নামলেই বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, "একই এলাকায় বারবার চুরি হলেও এখন পর্যন্ত চোরদের শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা চাই পুলিশ দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুক এবং এলাকায় রাতের টহল আরও জোরদার করুক।


কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী বলেন, "চুরির ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুতই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]