বিইউতে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড পেলেন বানারীপাড়ার নিহাল

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৭:০৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৭:০৮:৩৮ অপরাহ্ন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি


বরিশাল বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় বিশেষ কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন বানারীপাড়ার সন্তান নিহাল ইসলাম খন্দকার। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে তিনি এ সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। নিহাল বানারীপাড়া পৌরসভার বিশিষ্ট নাগরিক খন্দকার নজরুল ইসলামের পুত্র। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহালসহ বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ২৫টি বিভাগের মোট ১০৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এ পুরস্কার তুলে দেন।


প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, "আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। সততা, মেধা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত দেশ গড়ার আহ্বান জানান তিনি। কেবল ভালো ফল নয়, শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন মন্ত্রী।" অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জীববিজ্ঞান অনুষদের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক বলেন, "উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশে কেবল বরিশাল বিশ্ববিদালয়েই স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হয়। এই বিশেষায়িত বিভাগ থেকে নিহাল ইসলাম খন্দকারসহ মোট তিনজন শিক্ষার্থী এ বছর ডিন’স অ্যাওয়ার্ড অর্জনের গৌরব অর্জন করেছেন।" অনুষ্ঠানে বিশেষ অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, "এ সম্মাননা শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও একাডেমিক সাফল্যের ফল। সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের তরুণরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে।"


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অনুষদসমূহের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আছিবুল ইসলাম বানারীপাড়া উপজেলা প্রতিনিধি তাং- ২৯জুলাই, ২০২৬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]