নওগাঁয় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের জিডি

মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৮:০১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৮:০১:৪১ অপরাহ্ন
 
 
নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি:-
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির ন্যায্য ভাগ-বণ্টন না করে একাই জোরপূর্বক জবরদখল করে ভোগ করার অভিযোগ করেছেন আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই। 
 
এ বিষয়ে নওগাঁ জেলা সদরের আরজি নওগাঁ (চকপ্রসাদ স্কুলের পাশে) এলাকার মৃত সোলায়মান আলীর ছেলে মোঃ আঃ সালাম (৪৫) এর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় ১লা জুলাই-২৬ একটি সাধারণ ডায়েরি করেছেন তার আপন ছোট ভাই মোঃ জয়নাল (৪৫)। সম্পত্তি এককভাবে ভোগ-দখলের অভিযোগ এনে তিনি আইনগত সহায়তা চেয়েছেন।
যার জিডি নং- ৪৩, ট্র্যাকিং নং- SJUAFJ,
 
জিডিতে জয়নাল উল্লেখ করেন, বিবাদী মোঃ আঃ সালাম প্রাং  তার আপন মেজ ভাই। প্রায় দুই বছর আগে পিতা ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে মারা যান। পিতার মৃত্যুর পর থেকে বিবাদী পিতার রেখে যাওয়া রাইস মিল, পুকুর, জমিজমা ও খারিজের কপিসহ সকল কাগজপত্র নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন।
 
অভিযোগে আরও বলা হয়, পিতার সম্পত্তির ভাগ-বণ্টনের জন্য বারবার বলা হলেও বিবাদী কালক্ষেপণ করছেন। ভাগ চাইলে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন। গত ২৭/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জয়নাল ও তার ভাই-বোনেরা বিবাদীর কাছে গিয়ে সম্পত্তির ভাগ চাইলে বিবাদী ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মারপিট ও খুন-জখমের হুমকি দেন।
 
অভিযোগকারীর বড় ভাই অন্য অংশীদার মোঃ আব্দুল জলিল বলেন, "আমাদের বাবার সম্পত্তি ভাগাভাগি করার জন্য একাধিকবার আমরা সব ভাই-বোন একত্রিত হয়ে গ্রামের বাড়িতে ছুটে গিয়েছি, কিন্তু আমাদের মেজো ভাই আঃ সালাম নানান অজুহাতে তা করতে দেয়নি। সে আমাদের পৈতৃক সম্পত্তির ভাগের অংশ আমাদের বুঝে দিচ্ছে না, একাই ভোগ দখল করে খাচ্ছে। আমরা একেবারেই নিরুপায় হয়ে গেছি।"
 
ভুক্তভোগীর বোন মোছাঃ মাহবুবা বলেন, "আমি পরের সংসার করি, প্রতিদিন তো আর আসা যায় না। নানান কাজের ভিড়ে কয়েকবার ভাগাভাগির জন্য এসেছি কিন্তু আমার মেজ ভাই কোন না কোন কারণ দেখিয়ে বারেবারে পিছুটান দিয়েছে। সে একাই সব সম্পত্তি ভোগ করতে চায়।"
 
জয়নালের মা জরিনা বেগম বলেন, "আমার স্বামী মারা গেছেন। তিনি যতটুকু জায়গা জমি রেখে গেছেন সে সম্পত্তিতে আমার সবগুলো সন্তানেরই অধিকার রয়েছে। কিন্তু আমার মেজো ছেলে আঃ সালাম সব সম্পত্তি একাই জবরদখল করে রেখেছে, শুধু তাই নয় আমার নামেও যতটুকু রয়েছে তাও সে দখল করে রেখেছে। আমার বাকি সন্তানগুলোদের সে কিছুই দিচ্ছে না। এলাকাবাসীদের নিয়ে আমার বাকি সন্তানেরা কয়েকবার তাদের বাবার সম্পত্তি ভাগ-বাটোয়ারা করার জন্য একত্রিত হয়েছিল কিন্তু আঃ সালাম কোন সম্পত্তি ভাগ করতে দেয় না।
 
ভুক্তভোগী মোঃ জয়নাল বলেন, "বাবার মৃত্যুর পর থেকেই তার সমস্ত সম্পত্তি আমার বড় ভাই আঃ সালাম একাই ভোগ দখল করে খাচ্ছে। তার কাছে আমার অংশের ভাগ নিতে গেলে সে পাত্তাই দেয় না । আমরা সব ভাইবোন মিলে তাকে নিয়ে বেশ কয়েকবার মীমাংসার জন্য বসতে চাইলেও সে সমস্যা সৃষ্টি করে এছাড়াও তিনি বরং বারবির ও খুনের হুমকি দেয়। আইনের আশ্রয় ছাড়া আমাদের কোন উপায় নেই। তাই আমার ভাই-বোনদের পক্ষে থানায় একটি জিডি করেছি। আমি আইনকে শ্রদ্ধা করি। আমার বিশ্বাস সঠিক তদন্তের মাধ্যমে আইন ব্যবস্থা নেবে।"
 
এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযোগটি জিডি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]