বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৮:৫৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৯:০০:৫১ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:


বরিশালের বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ও জামিনে মুক্তি পেয়ে বাদীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ইলুহার গ্রামের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতরা হলেন বৃদ্ধ মোক্তার শিকদার,তার ছেলে মুজাহিদুল হক (মুরাদ শিকদার) ও মুরাদের ছেলে মাহমুদুল হাসান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোক্তার শিকদার বলেন, চাঁদাবাজির মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারের ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ। এমনকি নদীতে ফেলে চুবিয়ে আমাদেরকে হত্যার চেষ্টা করেছে এসব সন্ত্রাসীরা।


হামলায় অংশ নেয় একই এলাকার হোসনেয়ারা,তানিয়া, সালমা,ইমরান,এনামুল, আজিজার,মাইনুলসহ ৫/৬ জন। হামলায় আহত চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার বাদী মুরাদ শিকদার বলেন, শনিবার সকালে লোকজনসহ আসামীরা শাবল, বাংলা দা ও হাতুড়ি দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে হামলায় আহত হয়ে আমি ও আমার ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমার বাবার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা বাদী হয়ে এর আগে বানারীপাড়া থানায় একটি চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলাম। যার মামলা নং জিআর ৬৮/২৬।


এই মামলায় জামিন পাওয়ার পর প্রতিপক্ষরা আমাদের ওপর হামলা চালিয়েছে। তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আহতদের চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। রাহাদ সুমন,বানারীপাড়া

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]