প্রকাশিত হলো ১০ কবির যৌথ কাব্যগ্রন্থ ‘অসমাপ্ত সংলাপ’

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৫:৪০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৫:৪৫:৩০ অপরাহ্ন
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু



বাংলা সাহিত্যাঙ্গনে নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে যৌথ কাব্যগ্রন্থ ‘অসমাপ্ত সংলাপ’। ২০২৬ সালের জুলাই মাসে শুদ্ধাচার থেকে প্রকাশিত এই কাব্যগ্রন্থে দেশের ১০ জন কবির নির্বাচিত কবিতা স্থান পেয়েছে।


প্রেম, ভালোবাসা, মানবিকতা, জীবনবোধ, সমাজবাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, আত্মজিজ্ঞাসা এবং সমকালীন নানা অনুভূতির সমন্বয়ে প্রকাশিত গ্রন্থটি ইতোমধ্যেই সাহিত্যপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রন্থটির সম্পাদনার দায়িত্ব পালন করেছে শুদ্ধাচার। বইটির সর্বোচ্চ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। নান্দনিক প্রচ্ছদ, পরিচ্ছন্ন মুদ্রণ এবং বিষয়বস্তুর বৈচিত্র্য বইটিকে পাঠকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। ‘


অসমাপ্ত সংলাপ’ যৌথ কাব্যগ্রন্থে যাঁদের কবিতা স্থান পেয়েছে তাঁরা হলেন— জাহিদুল হাসান ওয়াসি, বাইজিদ হাসান, রাজু তুহিন, জেসমিন নাহার জুই, হানিফা নিপা, রাশেদ রায়হান, সানজিদা নুবাইশা, জাকারিয়া ইসলাম, জারিন তাসনিম এবং ফাতেমা ওরফে সিনথিয়া। ভিন্ন ভিন্ন চিন্তা, অভিজ্ঞতা ও কাব্যভাষার সমন্বয়ে তাঁদের সৃষ্টিকর্ম গ্রন্থটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।



বইটিতে স্থান পাওয়া কবিতাগুলোতে উঠে এসেছে মানুষের অন্তর্গত অনুভূতি, ভালোবাসা ও বিচ্ছেদের গল্প, পারিবারিক সম্পর্ক, দেশপ্রেম, প্রকৃতির সৌন্দর্য, সমাজের বাস্তব চিত্র এবং জীবনের নানা অনুচ্চারিত কথামালা। ফলে এক মলাটে পাঠক খুঁজে পাবেন নানা স্বাদের কবিতার এক অনন্য সংকলন। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে এই যৌথ কাব্যগ্রন্থে অংশগ্রহণকারী সকল কবির শ্রদ্ধেয় মাতা-পিতার প্রতি। একজন কবির সৃজনশীলতার পেছনে তাঁর মা-বাবার অবদান, ভালোবাসা, ত্যাগ ও অনুপ্রেরণার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেই এই উৎসর্গ করা হয়েছে। বইটির এই ব্যতিক্রমী উৎসর্গ ইতোমধ্যেই পাঠকমহলে প্রশংসিত হয়েছে।


নিজের অনুভূতি প্রকাশ করে লেখক রাজু তুহিন বলেন, “একই মলাটে দেশের নয়জন গুণী কবির সঙ্গে নিজের কবিতা প্রকাশিত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ‘অসমাপ্ত সংলাপ’ শুধু একটি কাব্যগ্রন্থ নয়, এটি আমাদের সম্মিলিত অনুভূতি, স্বপ্ন ও সাহিত্যচর্চার প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি, বইটি পাঠকদের ভালোবাসা অর্জন করবে।” এ প্রসঙ্গে লেখক, কবি ও নাট্যকার শফিউল্লাহ রিপন বলেন, “যৌথ কাব্যগ্রন্থ নতুন ও সম্ভাবনাময় কবিদের সামনে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ‘অসমাপ্ত সংলাপ’-এ দশজন কবির ভিন্নধর্মী কাব্যচিন্তা ও সৃষ্টিশীলতা একত্রে স্থান পেয়েছে। এটি বাংলা কবিতার ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।”


লেখক ও যুক্তরাষ্ট্রের বোস্টন প্রবাসী নাসিম বলেন, “'অসমাপ্ত সংলাপ' কেবল একটি যৌথ কাব্যগ্রন্থ নয়, এটি দশজন কবির অনুভূতি ও সৃষ্টিশীলতার এক অপূর্ব মিলনমেলা। বিশেষ করে অংশগ্রহণকারী সকল কবির মাতা-পিতার প্রতি গ্রন্থটি উৎসর্গ করার বিষয়টি আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আমি বিশ্বাস করি, এই বই পাঠকদের হৃদয়ে স্থায়ী স্থান করে নেবে এবং বাংলা সাহিত্যে একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে।” প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সাহিত্য অঙ্গনে ‘অসমাপ্ত সংলাপ’ নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।



পাঠক, কবি ও সাহিত্যবোদ্ধাদের মতে, এক মলাটে জাহিদুল হাসান ওয়াসি, বাইজিদ হাসান, রাজু তুহিন, জেসমিন নাহার জুই, হানিফা নিপা, রাশেদ রায়হান, সানজিদা নুবাইশা, জাকারিয়া ইসলাম, জারিন তাসনিম এবং ফাতেমা ওরফে সিনথিয়ার সম্মিলিত সাহিত্যপ্রয়াস বাংলা কবিতার পাঠকদের জন্য একটি মূল্যবান উপহার হয়ে থাকবে।


তাঁদের প্রত্যাশা, ‘অসমাপ্ত সংলাপ’ বাংলা সাহিত্যে একটি স্মরণীয় যৌথ কাব্যগ্রন্থ হিসেবে দীর্ঘদিন পাঠকের হৃদয়ে বেঁচে থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]