মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ফুলবাড়ী কেন্দ্রীয় কালিমন্দির প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শিবমন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় ধর্মীয় সংগীত, কীর্তন ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় প্রতি বছরের ন্যায় এবারও এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।