মুলাদীতে মাদক কারবারি রাহুলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা, আহত ৫

আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৭:৩৮:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৭:৪২:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ


বরিশালের মুলাদীতে চিহ্নিত মাদক কারবারি রাহুল চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসীর অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (আজ) দুপুর ২টার দিকে মুলাদী পৌর সুপার মার্কেট সংলগ্ন অটোস্ট্যান্ড এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন—হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা গ্রামের শুকুমার রায়, তাঁর ভাই দীপ্ত রায়, জয়ন্ত রায়, জয় এবং শুকুমার রায়ের পুত্র সীজন রায়। বর্তমানে তারা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


আহত শুকুমার রায় জানান, তাঁর ভাই চিকিৎসাজনিত কারণে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে বাসযোগে মুলাদী পৌর সুপার মার্কেট অটোস্ট্যান্ডে পৌঁছান। দুপুর আনুমানিক ২টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই চিহ্নিত মাদক কারবারি রাহুল, অংকুর ও তনুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাসে থাকা অবস্থায় তাঁর ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়।


খবর পেয়ে শুকুমার রায় তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁকেও বেধড়ক পিটিয়ে জখম করে। এ সময় বাধা দিতে গেলে পরিবারের আরও কয়েকজন সদস্য রক্তাক্ত হন। ঘটনার নেপথ্য কারণ সম্পর্কে শুকুমার রায় আরও জানান, গত শুক্রবার রাহুল চৌধুরী এক নারীকে নিয়ে তাদের মাউলতলা এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছিল। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়। ওই ঘটনার ক্ষোভ ও আক্রোশ থেকেই রাহুলের বাহিনী এই পৈশাচিক হামলা চালিয়েছে। এ ঘটনায় ন্যায়বিচার পেতে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, অভিযুক্ত রাহুল চৌধুরীর বিরুদ্ধে এলাকায় মাদক কারবার ও সেবনের বহু অভিযোগ রয়েছে। ইতিপূর্বে সে পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিল।


সম্প্রতি আগ্নেয়াস্ত্র হাতে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে (ভাইরাল) পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাহুল চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]