নৈতিকতা ও আদর্শের প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই - আব্দুস সবুর ফকির

আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৪:৪৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৪:৪৭:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



নৈতিকতা ও আদর্শের প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই - আব্দুস সবুর ফকির বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেছেন, “নৈতিকতা ও আদর্শের প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই”। জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল উল্লেখ করে তিনি বলেন, কে কত বড় মাপের নেতা, কোন পর্যায়ের নেতা জামায়াতে ইসলামীর কাছে সেটি বিবেচ্য বিষয় নয়। জামায়াতে ইসলামী বিবেচনা করে তিনি নৈতিকা কিংবা আদর্শের উপর অটল আছেন কি-না। কেউ যদি নৈতিকতা বা আদর্শ থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হয় তবে তাকে কোনো ছাড় দেওয়া হয় না। শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার-বংশাল জোনের বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



এসময় তিনি উপস্থিত অগ্রসর কর্মীদের উদ্দেশ্যে বলেন, অন্য দলগুলো নৈতিক ও আদর্শিক নেতৃত্ব তৈরি করতে পারে না বলেই জনগণ জামায়াতে ইসলামীর প্রতি বেশি আস্থাশীল। এজন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সামান্যতম কোনো ত্রুটি পেলেও জনগণ সেটি সহ্য করতে পারে না, মানতে পারে না। যারা জামায়াতে ইসলামীর প্রতিপক্ষ দল তারাও সমালোচনা করে। তবে জামায়াতে ইসলামী যেকোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু কারো জন্যই ভালো নয় বলে তিনি সতর্ক করে বলেন, অন্যের দোষত্রুটি খোঁজার আগে আয়না নিজেদের চেহারা দেখা উচিত। সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, চকবাজার-বংশাল জোন পরিচালক দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক মহানগরীর মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ এস এম আহসান উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন ও মাওলানা মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়াজি। এছাড়াও বক্তব্য রাখেন চকবাজার-বংশাল জোন টিম সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, বংশাল দক্ষিণ থানা আমীর মাহবুবুল আলম ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শুরা সদস্য মাওলানা আনিছুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম সিকদার, আবুল হোছাইন রাজন, রিয়াদ হোসেন প্রমুখ। আব্দুস সবুর ফকির বলেন, খেলাফত প্রতিষ্ঠা করা মুমিনদের দায়িত্ব।



এই দায়িত্ব পালনে জামায়াতে ইসলামী নেতৃত্ব দিয়ে আসছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বেই ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। দ্বীন কায়েমের আন্দোলনে যারা শামিল হতে পেরেছে তারা সৌভাগ্যবান উল্লেখ করে তিনি বলেন, দ্বীন কায়েমের আন্দোলন কর্মী আর সাধারণ গতানুগতিক ধারার রাজনৈতিক দলের কর্মী এক কথা নয়। ইসলামী আন্দোলনে কর্মীরা নিঃস্বার্থভাবে মাল ও জান কুরবানি করতে প্রস্তুত কিন্তু সাধারণ গতানুগতিক ধারার রাজনৈতিক দলের কর্মীরা লুটপাটে ব্যস্ত। বাংলাদেশের মানুষ স্বাধীনতার ৫৫ বছরে সাধারণ গতানুগতিক ধারার রাজনৈতিক দলের নীতি ও আদর্শ দেখে এবার তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ স্বপ্রণোদিত হয়ে ইসলামী সমাজ বিনির্মাণে এগিয়ে আসছে। শুধু প্রয়োজন এখন দক্ষ নেতৃত্বের।


জামায়াতে ইসলামী দক্ষ নেতৃত্ব দিয়ে এদেশের মানুষের কাঙ্ক্ষিত ইসলামী সমাজ বিনির্মাণ করবে। এজন্য জামায়াতে ইসলামীর কর্মীদের আরও বেশি সজাগ ও সতর্ক থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করতে তিনি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]