জনরায় উপেক্ষা করলে পরিণতি ভালো হবে না: ফেনীতে গাজী আতাউর রহমান

আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০২:৩৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০২:৫২:৪৪ অপরাহ্ন
ফেনী জেলা প্রতিনিধি:

মানুষের আত্মা শুদ্ধ না হলে রাষ্ট্র, রাজনীতি ও সমাজে কাঙ্ক্ষিত শান্তি ও মুক্তি আসবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, আইন-আদালত ও শাস্তির ভয় দেখিয়ে মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায় না। প্রকৃত পরিবর্তনের জন্য মানুষের অন্তর শুদ্ধ করতে হবে। মানুষ যখন আল্লাহকে ভয় করে, তখনই সে নিজে থেকেই পাপাচার থেকে দূরে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং আত্মশুদ্ধি ও রাজনীতির সমন্বিত প্রয়াস। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুরে ফেনী শহরের এম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



বর্তমান সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের পাটাতন—দুটিই তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। ইতিহাস সাক্ষী, জনরায় উপেক্ষা করার পরিণতি কখনো ভালো হয় না। তাই আইনি মারপ্যাচ ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় না নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশে অনেক শাসন ও রক্তপাত দেখা গেলেও মানুষ কাঙ্ক্ষিত শান্তি ও অর্থনৈতিক মুক্তি পায়নি।


জুলাই গণঅভ্যুত্থানের পরেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। এখন জনতাকেই নিজেদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই কাজে সর্বাত্মক সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভুইঁয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুইঁয়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম, কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ মাওলানা আব্দুল্লাহ আল হারুন, প্রচার সম্পাদক শায়খ গোলাম সরোয়ার সিরাজী।


এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন বামুক জেলা সভাপতি মাওলানা কাজী গোলাম কিবরিয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, জেলা সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ নাদের চৌধুরীসহ জেলা মজলিসে শুরা সদস্য ও উপজেলা নেতৃবৃন্দ।


সম্মেলন শেষে প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান ফেনী জেলার বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন। সভাপতি:- প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম সেক্রেটারি:- মাও. একরামুল হক ভূঁইয়া

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]