জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে চায় জামায়াত : সেলিম উদ্দিন

আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০২:০৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০২:১২:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে চায় জামায়াত : সেলিম উদ্দিন দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চায় জামায়াত। এমনটা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।


তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার হিসেবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি। শতভাগ নগরসেবা নিশ্চিত করতে হলে সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাদশাহ ফয়সল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


সেলিম উদ্দিন বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়তে হলে জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত নগরায়ণ, চুরি-ছিনতাইসহ নাগরিক জীবনের সব সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সবার অংশগ্রহণেই একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও স্মার্ট সিটি গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি রয়েছে, অনেক ক্ষেত্রে যন্ত্রপাতি থাকলেও তা ব্যবহার উপযোগী নয় কিংবা পরীক্ষা-নিরীক্ষার যথাযথ ব্যবস্থা নেই। এটি অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতের এই সংকটের অন্যতম কারণ ঘুষ, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের দুর্নীতি।



দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে জনগণ মানসম্মত চিকিৎসাসেবা পাবে। সেলিম উদ্দিন বলেন, জামায়াতের লক্ষ্য শুধু রাষ্ট্রক্ষমতায় যাওয়া নয়; বরং মানুষের কল্যাণ নিশ্চিত করা। সে লক্ষ্যেই ডিজিটাল হেলথ কার্ড, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, আল্লাহর বিধান অনুসরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে নগর জীবনের নানা সমস্যার কার্যকর সমাধান সম্ভব। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং কয়েক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। উল্লেখ্য, এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার উত্তরা, ভাটারা, মগবাজারসহ বিভিন্ন ওয়ার্ডে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিনের উদ্যোগে একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেড় শতাধিক ছানি আক্রান্ত রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়েছে।


ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃ হাসানুল বান্না,মোঃজুবায়ের হোসাইন রাজন,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ২৮ নং ওয়ার্ডের আব্দুল আউয়াল আযম,২৯ ওয়ার্ডের মোস্তাক আহমেদ মাহবুব, ৩০ ওয়ার্ডের মোঃ সাইদুর রহমান,৩১ ওয়ার্ডেরডাঃ মোঃ শফিউর রহমান,৩২ ওয়ার্ডের মোঃ জিয়াউল হাসান,৩৩ ওয়ার্ডের মোঃ রবিউল ইসলাম (রুবেল),৩৪ ওয়ার্ডের মোঃ আবু নাঈম প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ। *বার্তা প্রেরক-* মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]