কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী তরুণীর ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা, মামলা; অভিযুক্তের খোঁজে পুলিশের অভিযান

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৭:৪০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৭:৪২:৫৭ অপরাহ্ন
 
 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
 
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে লোকমান হোসেন (৭০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে কালীগঞ্জ থানা পুলিশ।
 
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের বাসিন্দা এবং মৃত তরব আলীর ছেলে লোকমান হোসেনের বিরুদ্ধে বুধবার (২২ জুলাই) সকালে এ ঘটনা ঘটানোর অভিযোগ ওঠে। ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী ওই তরুণী গ্রামের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় লোকমান তাকে ডেকে নিজের বাড়ির দিকে নিয়ে যান। সেখানে তিনি জোরপূর্বক তরুণীর হাত ধরে অশালীন আচরণ করেন, শরীরের বিভিন্ন স্থানে কামড়ে আঘাত করেন এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান।
 
পরিবারের অভিযোগ, তরুণী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন টের পাওয়ার আশঙ্কায় অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাড়ি ফিরে তরুণী তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বললে পরিবারের সদস্যরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। এরপর তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা।
 
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, প্রায় দুই বছর আগেও একই ব্যক্তির বিরুদ্ধে অনুরূপ অভিযোগ উঠেছিল। কিন্তু সে সময় আইনি ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ হয়নি। তাদের মতে, সেই সুযোগেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর আওতায় মামলা (নং-২৯) রুজু করা হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]