ছাতিয়ান ইউনিয়ন পরিষদে বিশুদ্ধ পানির সংকট: কয়েক বছর ধরে অকেজো ১টি টিউবওয়েল, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০২:২৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০২:২৪:৩৪ অপরাহ্ন
এনামুল,আদমদিঘী প্রতিনিধি- আদমদীঘী উপজেলার ছাতিয়ান ইউনিয়ন পরিষদে দীর্ঘ কয়েক বছর ধরে একমাত্র টিউবওয়েলটি অকেজো থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ। বিশেষ করে বিদ্যুৎ চলে গেলে পানির বিকল্প ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় সেবাপ্রার্থীদের। স্থানীয় সূত্রে জানা যায়, ছাতিয়ান ইউনিয়ন পরিষদে প্রতিদিন ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন সরকারি সেবা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে শতাধিক মানুষ আসেন। কিন্তু পরিষদ প্রাঙ্গণে নিরাপদ ও বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। দীর্ঘদিন ধরে একমাত্র টিউবওয়েলটি অকেজো থাকলেও তা মেরামত বা নতুন টিউবওয়েল স্থাপনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ থাকলে কোনোভাবে পানি সংগ্রহ করা সম্ভব হলেও লোডশেডিংয়ের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় পানির ব্যবস্থা পাওয়া যায় না। এতে নারী, শিশু, বয়স্ক ও দূরদূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। এ বিষয়ে স্থানীয়দের দাবি, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে বছরের পর বছর বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকা অত্যন্ত দুঃখজনক। তারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্তদের অবহেলা ও গাফিলতিকেই এ অবস্থার জন্য দায়ী করছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্থানীয় মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত অকেজো টিউবওয়েলটি মেরামত অথবা নতুন টিউবওয়েল স্থাপনের মাধ্যমে সেবাপ্রার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম দ্রুত সেবা প্রার্থীদের জন ইউনিয়ন পরিষদের টিউবওয়েল সংস্কার করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে। এনামুল আদমদিঘী প্রতিনিধি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]