রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশে কোনো টেকসই রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়: কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৯:৩০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৯:৩০:০৮ অপরাহ্ন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোঃ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি সংবিধান বাস্তবায়ন করছে। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশে কোনো টেকসই রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়।
 
বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলার সদর উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কুড়িগ্রাম জেলা এনসিপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
 
জনসভায় মোঃ নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, ‘২৪-এর আন্দোলনে জীবন দেওয়া মানুষের হত্যাকাণ্ডে অভিযুক্তদের টাকার বিনিময়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। খুনিদের রক্ষার জন্য ট্রাইব্যুনালে পছন্দের লোক বসানো হয়েছে। ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মসজিদ কমিটিও দখল করা হচ্ছে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা বলেছিলাম আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে আর চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে।’
 
সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কারের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান, মুজিববাদী সংবিধান এবং ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে।’
 
সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব মোঃ আখতার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক মোঃ সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডঃ মোঃ আতিকুর রহমান মুজাহিদসহ স্থানীয় নেতারা।
 
এর আগে বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বর থেকে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]