মাধবপুর পিলারভিত্তিক ফ্লাইওভারের আশ্বাস দিলেন এমপি সৈয়দ মো. ফয়সল

আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৫:১৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৫:২০:৫৯ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি


হবিগঞ্জের মাধবপুর বাজার এলাকায় প্রস্তাবিত ভেহিকুলার আন্ডারপাস (ভিইউপি) নির্মাণের নকশা নিয়ে স্থানীয়দের উদ্বেগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সমাধানের আশ্বাস দিয়েছেন হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। সোমবার (২০-জুলাই) ২০২৬ইং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, স্থানীয় মানুষের দাবি এবং প্রকল্পের কারিগরি বিষয় উভয়ই গুরুত্বপূর্ণ। তাই এমন একটি সমাধান বের করতে হবে, যাতে উন্নয়ন কার্যক্রমও এগিয়ে যায় এবং বাজারের ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলেও কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। তিনি আরও বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে মতামত দিচ্ছেন। বাস্তবতার কারণে সব দাবি বাস্তবায়ন সম্ভব না হলেও যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পরে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং প্রয়োজন হলে প্রকল্প পরিচালক (পিডি), সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।


সভায় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমান নকশা অনুযায়ী ভেহিকুলার আন্ডারপাসের দুই পাশে দেয়াল নির্মাণ করা হলে মাধবপুর বাজার কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এতে মানুষ ও যানবাহনের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়বে। তাই তারা দেয়ালের পরিবর্তে পিলারভিত্তিক বা ওপেন স্ট্রাকচারে ফ্লাইওভার বা ভেহিকুলার আন্ডারপাস নির্মাণের দাবি জানান।


একই দাবিতে স্থানীয়রা কয়েকদিন ধরে আন্দোলনও চালিয়ে আসছেন। ঢাকা-সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-৩ (নির্বাহী প্রকৌশলী) মো. আমিমুল এহসান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই বর্তমান নকশা প্রণয়ন করা হয়েছে। তবে মতবিনিময় সভায় উত্থাপিত মতামত এবং সংসদ সদস্যের নির্দেশনা প্রকল্প পরিচালক ও ডিজাইন কনসালট্যান্টের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠানোউ হবে। সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]