দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, প্রযুক্তির সহায়তায় তিনজন আটক

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৪:৩৯:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৪:৩৯:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক​
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় প্রযুক্তির সহায়তায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ প্রায় তিন লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল ফোন ও মূল্যবান কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।

শনিবার (১৮ জুলাই) রাত প্রায় ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সিদ্দিকুর রহমান ওয়াদুদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছয় সদস্যের একটি দল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসা ও জাল টাকা লেনদেনের অভিযোগ তুলে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে তল্লাশির নামে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর লুট হওয়া একটি মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার সিধলী এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে পুলিশ। আটকরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজ কুমার (২৬), জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুল হামিদ (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহীন আলম (৩৮)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের এক ভাতিজাই ডাকাতির মূল পরিকল্পনাকারী। বিয়েবাড়ির কাজের কথা বলে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে তাদের ভাড়া করা হয়েছিল। পলাতক মূল হোতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]