কুড়িয়ানায় পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০২:৩১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০২:৩৩:৩১ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:


পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার বিখ্যাত পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পানিতে পড়ে মো. মুহিন সরদার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুহিন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও গুঠিয়া গ্রামের সৌদি প্রবাসী মনির সরদারের ছোট ছেলে। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্বরূপকাঠী উপজেলার


আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদের সূত্রে জানা গেছে, শনিবার বন্ধুদের সঙ্গে কুড়িয়ানা পেয়ারা বাগান পরিদর্শনে যান মুহিন। বিকেলে তারা ভাড়া করা ট্রলারে ঘুরছিলেন। চলন্ত ট্রলারটির সামনের অংশে বসে ছিলেন মুহিন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় মুহিন হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান। তিনি পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়
যাওয়া হয়।


সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আনন্দভ্রমণ মুহূর্তের মধ্যেই বন্ধুদের কান্না আর বিষাদে রূপ নেয়। নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে ছুটে যায়। জানা গেছে, পেয়ারা বাগানে ঘুরতে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া রাতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এদিকে নাড়ীছেড়া ধন ছেলেকে হারিয়ে মুহিনের মায়ের কান্না-আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে বইছে শোকের মাতম। পিতা মনির সরদার সৌদিআরব থেকে সোমবার দেশে ফেরার পরে মুহিনের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। রাহাদ সুমন,বানারীপাড়া তারিখঃ১৯-০৭-২০২৬ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]