ভালুকায় এক্সিলেন্ট সিরামিক্সের নির্মাণাধীন গর্তে নেমে ২ শ্রমিকের মৃত্যু।

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৯:২৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১০:১৬:২৩ অপরাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-


ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী এলাকায় অবস্থিত এক্সিল্যান্ট সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্ল্যান্টের গর্তে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে কারখানার ভেতরে মেরামত কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বাসিন্দা রুমেল (২৫) এবং খুলনা জেলার কয়রা উপজেলার নকশা গ্রামের ফারুক গাজীর ছেলে শফিকুল ইসলাম (২৮)। রুমেল কারখানায় ওয়েল্ডারের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সকালে ইটিপি প্ল্যান্টের একটি গভীর গর্তে মেরামতের কাজ করতে নামেন রুমেল। ভেতরে যাওয়ার কিছুক্ষণ পরই তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে সহকর্মী শফিকুল ইসলাম গর্তে নামলে তিনিও দ্রুত অসুস্থ হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনেই মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজিলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার অভিযানে গিয়ে দ্বিতীয় শ্রমিকও বিষক্রিয়ায় আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।


এক্সিল্যান্ড সিরামিক্সের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপি প্ল্যান্টের ওই গর্তে দীর্ঘদিন ধরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]