সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের শুভ উদ্বোধন

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৫:৩০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৫:৩৪:৪৩ অপরাহ্ন
মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ :



বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুরে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্র চালুর মাধ্যমে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের আধুনিকায়ন, দক্ষ জনবল সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি এবং অন্যান্য অতিথিবৃন্দ নামফলক উন্মোচনের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকারের লক্ষ্য দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে আন্তর্জাতিক মানে উন্নীত করা। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কেন্দ্র স্থানীয় তরুণ-তরুণীদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের অর্থনীতিতে তাঁতশিল্পের অবদান আরও বাড়াবে। বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, সিরাজগঞ্জ দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম তাঁতশিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। আধুনিক প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করা সম্ভব হবে।



তিনি স্থানীয় তাঁত উদ্যোক্তাদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহেদ আলম, রাশেদুল হাসান রঞ্জন, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক তাঁতী সমিতির সভাপতি মোঃ আনিছুর রহমান, বাগবাটি ইউনিয়নের প্রাথমিক তাঁতী সমিতির সভাপতি মোঃ রফিকুল আলম, বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান হিসাবরক্ষক ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুকুমার চন্দ্র সাহা,বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।



বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রকল্প পরিচালক সুকুমার সাহা জানান, এই প্রশিক্ষণ কেন্দ্র চালুর ফলে স্থানীয় তাঁতশিল্পের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের তাঁতশিল্পকে দেশ-বিদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক ও সমৃদ্ধ করে তুলতেও কেন্দ্রটি কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]