খোকসায় জোড়া খুন, নেপথ্য আধিপত্য বিস্তার ও মাদক

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০১:৪৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০১:৪৭:১৮ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :



কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যাবসা সংক্রান্ত প্রভাব বিস্তারের জেরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। জোড়া খুনের ঘটনায় নিহত ব্যাক্তিদ্বয়ের নাম ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ(৩০) । শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এ জোড়াখুনের ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন উপজেলার দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে এবং নিহত আব্দুল শেখ একই এলাকায় আতিয়ার শেখের ছেলে। জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও মাদক ব্যাবসায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।


ঘটনার দিন বিকেলে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে রাতে সামিরুল মোল্লা দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।


পুলিশ এসে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে দুই গ্রুপের মধ্যে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]