ক্ষমতাসীনদের দুর্বলতার কারণেই আবারও জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান হতে পারে : সেলিম উদ্দিন

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০১:০৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০১:৪১:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীনদের দুর্বলতার কারণেই আবারও জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান হতে পারে : সেলিম উদ্দিন ক্ষমতাসীনদের দুর্বলতা ও জনগণের গণভোটের আকাঙ্ক্ষা উপেক্ষার কারণেই ভবিষ্যতে আবারও জুলাইয়ের মতো একটি গণঅভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি রাখা উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেউ কেউ আওয়ামী লীগের ভাষ্য অনুসরণ করে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। শনিবার সকালে রাজধানীর উত্তরার নর্থ টাওয়ার হাউজবিল্ডিং এলাকায় জুলাই গ্রাফিটি আর্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে। জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র কিংবা অপমানজনক বক্তব্য দেশের মানুষ মেনে নেবে না। জুলাইকে নিয়ে অপপ্রচারের পরিণতি ভালো হবে না। তিনি বলেন, কোটি মানুষের অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমেই ‘৩৬ জুলাই’-এর সফলতা অর্জিত হয়েছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই বাংলাদেশ পরিচালিত হতে হবে।


বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন জুলাইয়ের স্মৃতি ও গ্রাফিতি রাষ্ট্রের উদ্যোগে সংরক্ষণ করা উচিত বলেও মন্তব্য করেন সেলিম। উত্তরার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে অসংখ্য মানুষ শহীদ ও আহত হয়েছেন। সে সময় তৎকালীন সরকারের বাহিনী ঘরে ঘরে অভিযান চালিয়ে নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই গণঅভ্যুত্থান সফল হয়েছে।


তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন টেলিভিশন টকশোতে যেভাবে আওয়ামী লীগের পুরোনো বয়ান তুলে ধরা হচ্ছে, তা উদ্বেগজনক। জুলাইয়ের ইতিহাস বিকৃত বা অপমানের কোনো প্রচেষ্টা জনগণ মেনে নেবে না। জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনে ছায়ার মতো পাশে ছিল দাবি করে সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনে প্রাণ দিয়েও কাজ করবে জামায়াতে ইসলামী। বক্তব্য শেষে তিনি ‘৩৬ জুলাই’ স্মরণে উত্তরার বিভিন্ন সড়কে জুলাই গ্রাফিটি অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। আয়োজকরা জানান, এ গ্রাফিটি অঙ্কন কর্মসূচি আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। পরে শহীদ মুগ্ধ মঞ্চে সেরা গ্রাফিতি শিল্পীদের পুরস্কৃত করা হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, দক্ষিণখান পূর্ব থানা আমীর আবু সাঈদ, উত্তরখান পশ্চিম থানা আমীর নিজাম উদ্দিন,মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড.মোস্তফা ফয়সাল পারভেজ,তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক তাহমিদ হুজাইফাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]