নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় জনসমাবেশে আগামীকাল ১৮ জুলাই শনিবার বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।
বিভাগীয় সমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সমাবেশ বাস্তবায়ন কমিটি, কমিটির প্রধান কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলালের নেতৃত্ব দফায় দফায় মিটিং ও প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সমাবেশের সর্বশেষ প্রস্তুতির খোঁজ খবর নিতে বার বার সমাবেশ স্থলে আসেন অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু.বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী ও অধ্যাপক শাহ্ আলম প্রমুখ নেতৃবৃন্দ।
আমিরে জামায়াতের আগমনকে সফল করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান শনিবার সকালে সড়ক পথে বরিশাল এসে পৌছাবেন। নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপার থেকে শুরু করে নথুল্লাবাদ, হাতেম আলী চৌমাথা, আমতলার মোরসহ সার্কিট হাউসগামী সড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহে দলীয় নেতাকর্মীগন অবস্থান নিবেন এবং সংবর্ধনা জানাবেন। সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত পরিবহন ও নৌযান সমুহের জন্য পার্কিং এর ব্যাবস্থা করা হয়েছে। এছাড়া সমাবেশে আগত নেতাকর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা, চিকিৎসা সহায়তা ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। সমাবেশে আগত নেতাকর্মীদের যেকোনো সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। সমাবেশের নিরাপত্তায় দায়িত্বপালন করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও মিডিয়া কর্মীদের নিউজ সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।