নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ রনি (২২)কে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল ১৫ জুলাই বিকাল ০৫:৩০ ঘটিকায় তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ নারী ও অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা। ২০২৫ সালের ২ মে সকালে ঐ নারীর একটি হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে অভিযুক্তের বাড়িতে গেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিষয়টি গোপন রাখতে বলে এবং ভুক্তভোগীকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। ঘটনার কিছুদিন পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী ঐ নারী বিয়ের দাবি করলে অভিযুক্ত ও তার পরিবার বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে গেলে ভুক্তভোগীকে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে প্রধান অভিযুক্তের পিতা আব্দুর রহিম ভুক্তভোগী ঐ নারীর বুকের উপর চেপে বসে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। ভুক্তভোগী চিৎকার শুরু করলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রসববেদনা শুরু হলে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি কন্যাসন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পরেও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আপস-মীমাংসার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে যাচ্ছিল। এই ঘটনায় গত ৬ মে ২০২৬ তারিখে ভুক্তভোগী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় একটি ধর্ষণ এবং হত্যাচেষ্টার মামলা দায়ের করেন (মামলা নং-০৬) । মামলা দায়েরের পরে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, ১৫ জুলাই, ২০২৬ তারিখ বিকাল ০৫:৩০ ঘটিকায় সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্প এবং সিপিএসসি, র্যাব-১১, নরসিংদী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার ধর্ষণ এবং হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মোঃ রনি (২২), পিতা- মোঃ আব্দুর রহিম, সাং- করনাইট কুমরগঞ্জ, থানা- রাণীশংকৈল, জেলা- ঠাকুরগাঁওকে নরসিংদী জেলার শিবপুর থানাধীন শহীদ মিনার, শাষপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। । গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই মামলার অন্যান্য আসামি গ্রেফতারে এবং সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে