আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১২:০৬:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১২:০৮:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা হয় বলে জানান নেত্রকোণা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ । নিহত দীপ্ত চৌধুরী (২৪) শহরের মালনীরোড এলাকার বাদল চৌধুরীর ছেলে । তিনি নেত্রকোণা সরকারি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয়দের বরাতে নিহতের বাবা বাদল চৌধুরী বলেন, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাতে বাসা থেকে বের হয়ে শহরের শহীদ মিনার এলাকায় গিয়েছিল দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে খুশি সমর্থকেরা আনন্দ উল্লাস করছিল। বিজয় মিছিলের ভিডিও ধারণের উদ্দেশ্যে সিঙ্গার শোরুমের দুই তলা ভবনের ছাদে ওঠেন। এ সময় অসতর্কতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ বলেন, বিদ্যুতের স্পর্শে ও ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে দীপ্ত চৌধুরী মারা গেছেন। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]