কুবি'র চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১০:২৯:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১০:৩২:২৮ পূর্বাহ্ন
‎ ‎কুবি প্রতিনিধি: ‎ ‎


দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'। ‎ ‎মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনটির উদ্যোগে বন্যাকবলিত সাতকানিয়া ও বাঁশখালীর দুর্গম এলাকার ২০০টি পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ‎ ‎জানা যায়, গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। পানি কিছুটা কমলেও এসব এলাকার মানুষের দুর্ভোগ এখনো কমেনি। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।


এ ছাড়া পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রও স্পষ্ট হয়ে উঠছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে দিশেহারা, আবার অনেকেই পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন। অনেক এলাকায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বাজারমুখী একমাত্র যোগাযোগব্যবস্থাও অচল হয়ে পড়েছে। ‎ ‎ত্রাণ বিতরণ শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেন, “আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। যারা ত্রাণ সংগ্রহে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা তাঁদের দেওয়া আমানত যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের দুর্যোগে আমাদের সংগঠন আরও বড় পরিসরে কাজ করবে এবং মানুষের পাশে থাকবে।” ‎


সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম বলেন, “আমরা সকাল থেকে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে যেসব স্থানে এখনো ত্রাণসহায়তা পৌঁছেনি, সেখানে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা চট্টগ্রামসহ দেশের যেকোনো জেলার যেকোনো সংকটকালীন মুহূর্তে সব সময় মানুষের পাশে থাকব।” ‎ ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]