নিজস্ব প্রতিবেদক, পীরগঞ্জ (রংপুর):
পীরগঞ্জ উপজেলার ছোট ওমরপুর জেয়ার গার্লস স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, প্রশাসনিক দুর্বলতা এবং শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে অসদাচরণের একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কারণে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে সর্বসাকুল্যে ১৫ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। তবে সবচেয়ে বড় অভিযোগ হলো, বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির কোনো সরকারি অনুমোদন না থাকলেও দীর্ঘদিন ধরে ওই শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
অভিযোগ রয়েছে, অনুমোদনের অভাবে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানের পরিবর্তে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান—হরিনা বালিকা বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তিসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও রয়েছে। অভিভাবকদের দাবি, এ কারণে অনেক শিক্ষার্থী আর্থিক ক্ষতির মুখে পড়ছে।
অন্যদিকে, ফাওমিদা জান্নাত নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) নিতে গেলে প্রধান শিক্ষক তাদের সঙ্গে অপমানজনক আচরণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করলে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীকে ছাড়পত্র দিতে বাধ্য হন প্রধান শিক্ষক।
এলাকাবাসী, অভিভাবক ও সচেতন মহলের দাবি, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, নবম-দশম শ্রেণির অনুমোদনের বিষয় এবং উপবৃত্তি সংক্রান্ত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।