সাইবার সুরক্ষা আইন হালনাগাদে মন্ত্রিসভা কমিটি, থাকছেন ৬ সদস্য

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৯:২৩:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৯:২৬:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:

তৌহিদুল ইসলাম সরকার ডিজিটাল পরিসরে নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বিদ্যমান আইনকে সময়োপযোগী করতে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ছয় সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি পরিবেশ, অনলাইন নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধের বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আইনটির সংশোধনী খসড়া পর্যালোচনা করা হবে। পরবর্তীতে কমিটি সুপারিশমালা প্রণয়ন করে সরকারের কাছে উপস্থাপন করবে। কমিটিকে প্রয়োজনে বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করে সংশোধনী প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। কমিটির সার্বিক কার্যক্রমে প্রশাসনিক ও সচিবালয় সহায়তা দেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আইন সংস্কারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]