বর্ণাঢ্য আয়োজনে খুকৃবির ১১তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৮:০৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৮:০৯:৫৪ অপরাহ্ন
প্রতিবেদক


মোঃ রাজিবুল হোসেন তানিম খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ১১তম বিশ্ববিদ্যালয় দিবস উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর কেক কাটার মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের উদ্যোগে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা, ইংরেজি ভাষা দক্ষতা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডা. নাজমুল আহসান বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জ্ঞান ও গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিগগিরই একটি পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং এর শিক্ষার্থীরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সীমাবদ্ধতা দূরীকরণে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।


অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ডা. শামীম আহমেদ কামাল উদ্দিন খান বলেন, উদ্ভাবন, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশের মাধ্যমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞানচর্চার কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা ও নৈতিক চেতনা আগামী বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং সেই পথচলায় খুকৃবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দিনব্যাপী বিভিন্ন আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]