দৌলতপুরে যুবদলের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৩২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৩২:৩৭ অপরাহ্ন
 
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
 
রোববার (১২ জুলাই) সন্ধ্যার পর উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র, দলীয় নেতাদের ছবি ও বিভিন্ন রাজনৈতিক সামগ্রী পুড়ে যায় বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
জানা গেছে, একদল দূর্বৃত্ত কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে সেখানে আগুন ধরিয়ে দিলে আসবাবপত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, শরীফ উদ্দীন জুয়েলের কর্মসূচির ব্যানারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
 
এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম অভিযোগ করে জানান, পরিকল্পিতভাবে আমার রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এর আগেও আমার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
 
দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার জানান, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জানান, ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে যারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
 
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিএনপির একটি রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনার কথা শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]