কুড়িগ্রামের উলিপুরে ব্রিজ দেবে যান চলাচল বন্ধ

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:৪১:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:৪৩:২৮ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গায় একটি ব্রিজ ধসে যাওয়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে শতাধিক রিকশা ও অটো রিকশাচালক, স্কুল গামী কোমলমতি শিক্ষার্থীসহ হাজারো মানুষ। টানা বর্ষণে খালের পানি বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর সদর হতে কালিবাড়ি চৌরাস্তা মোড় হয়ে পৌরসভার জোনাইডাঙ্গা গামী পাকা রাস্তার উপর ব্রিজটি। জোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মাত্র ৫০ গজ দূরে ব্রিজটির অবস্থান। ওই এলাকার মোঃ সহিদুর রহমান, মোঃ মুকুল মিয়া ও মোঃ বাবলু মিয়া জানান, গত মঙ্গলবার হঠাৎ করে ব্রিজটির একটি প্রান্ত দেবে যায়। ফলে ওই সময় হতেই বিভিন্ন প্রকারের যানবাহন বিশেষ করে অটো ও অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মানুষজন ঝুঁকিপূর্ণ-এ ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটেই যাতায়াত করছে।


জোনাইডাঙ্গা থেকে আশা প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসায় এ পথ দিয়েই যাতায়াত করে থাকে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর পৌরসভার সচিব ও নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম জানান, উলিপুর পৌরসভায় এটি ছাড়াও আরও দুটি ব্রিজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এ তিনটি ব্রিজের বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছি, বরাদ্দ পেলেই দ্রুত কাজ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]