বাঁশখালীতে বন্যার্তদের পাশে সরকার: প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকের উপস্থিতিতে ত্রাণ বিতরণ, নিহত দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১২:০৭:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১২:১০:১১ পূর্বাহ্ন
আনিসুর রহমান, রিপোর্টার চট্টগ্রাম:


চট্টগ্রামসহ সারাদেশে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসংখ্য পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অনেকেই ঘরবাড়ি, গবাদিপশু, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গত মানুষের দোরগোড়ায় জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।


এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) বিকেলে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ইলশা ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।


ত্রাণ বিতরণ কার্যক্রমে বন্যাকবলিত ১০০টি পরিবারের মাঝে ১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের জন্য ২০০ প্যাকেট শুকনো খাদ্যসামগ্রী এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ২০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় মানবিক সহায়তার অংশ হিসেবে বাহারছড়া ইউনিয়নে বন্যাজনিত দুর্ঘটনায় নিহত দুই শিশুর পরিবারের হাতে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সরকার তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের এমপি মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান এবং বাঁশখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।


দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের নিরাপত্তা ও খাদ্য নিশ্চিত করা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম গ্রহণে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ বিতরণ ও জরুরি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]