রৌমারীর কাশিয়াবাড়ী সেতুর সংযোগ সড়ক ধসে দুর্ভোগ, দুর্ঘটনার শঙ্কা

আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৯:১২:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৯:২২:০১ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের খালের ওপর নির্মিত সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের হাজারো মানুষ। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে ৯৬ মিটার দীর্ঘ কাশিয়াবাড়ী সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের বড় অংশ ধসে যায়। এতে সড়কের পাশে গভীর গর্ত ও খাদ সৃষ্টি হয়েছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, অটোভ্যানসহ বিভিন্ন যানবাহন এবং পথচারীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের দায়িত্ব পায় জামালপুরের এমইএম এন্টারপ্রাইজ।


তবে সেতুর মূল কাঠামোর কাজ শেষ হলেও সংযোগ সড়কে প্রয়োজনীয় মাটি ভরাট এবং দুই প্রান্তে গাইডওয়াল নির্মাণ করা । ফলে ভারী বৃষ্টিতে পানির প্রবল স্রোতে সংযোগ সড়ক ভেঙে পড়ে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও খতিব আলী অভিযোগ করে বলেন, বিষয়টি একাধিকবার উপজেলা প্রকৌশল বিভাগকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। গত সপ্তাহে এক বৃদ্ধ গর্তে পড়ে পা ও কোমরে গুরুতর আঘাত পান। এ বিষয়ে রৌমারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সেতুর দুই প্রান্তে গাইডওয়াল নির্মাণ করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ঠিকাদারের সঙ্গে আলোচনা হয়েছে।


তারা দ্রুত সংস্কারকাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। রৌমারী উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সৌরভ কুমার সাহা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতোমধ্যে সেতুটি পরিদর্শন করেছেন। খুব দ্রুত সংযোগ সড়কে মাটি ভরাট করে যান চলাচলের উপযোগী করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]