কালীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১১:৩৫:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১১:৩৮:০০ পূর্বাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর বাড়িতে কাপড় পৌঁছে দিতে গিয়ে নয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৮ জুলাই) দুপুরে অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত)/২০০৩ এর ৯(১) ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করেছেন শিশুটির বাবা। বর্তমানে ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের দেওয়ানবাড়ী এলাকার এক গৃহবধূ ঘরের কাজের পাশাপাশি বাড়িতে সেলাইয়ের কাজ করেন। প্রায় তিন সপ্তাহ আগে প্রতিবেশী হানিফ দেওয়ান ওরফে হানিফার স্ত্রী তার কাছে একটি কাপড় সেলাইয়ের জন্য দেন।


অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ জুন বিকেল প্রায় ৪টার দিকে সেলাই করা কাপড় ফেরত দিতে তাদের নয় বছর বয়সী মেয়েকে অভিযুক্তের বাড়িতে পাঠানো হয়। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত হানিফ দেওয়ান (৪০) শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে বলা হয়েছে। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।


পরিবারের দাবি, ভয় ও আতঙ্কের কারণে শিশুটি প্রথমে ঘটনাটি কাউকে জানায়নি। তবে ঘটনার পর থেকেই সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি না হওয়ায় গত ৭ জুলাই তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি ধর্ষণের অভিযোগের বিষয়টি জানায়। এরপর বিষয়টি অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]