লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে হাবিবুর রহমান নামে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকালে এ অভিযান চালানো হয়। জরিমানা পাওয়া ব্যক্তি উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তিনি জানান, অভিযানে একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
এ সময় তিন শ্রমিককে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদীর ভাষ্য, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।