নান্দাইলে আমগাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক দ্বন্দ্বের ইঙ্গিত

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০২:৩১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০২:৩৪:০২ অপরাহ্ন
তৌহিদুল ইসলাম সরকার, নিজস্ব প্রতিবেদক



ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মেরাকোনা গ্রামে সোহরাব উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা বাড়ির পেছনের একটি আমগাছে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। স্থানীয় সূত্র জানায়, সোহরাব উদ্দিনের সঙ্গে তার বড় ছেলে উজ্জ্বল মিয়ার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সম্প্রতি ওই পুত্রবধূ শ্বশুরের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে বুধবার একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল। স্থানীয়দের ধারণা, পারিবারিক দ্বন্দ্ব ও অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।


তবে এ বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন জানান, পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য একটি দরবার বসার কথা ছিল। এর আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]