খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১১:১২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১১:১৬:১৪ অপরাহ্ন
প্রতিবেদক


মো: রাজিবুল হোসেন তানিম খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) উৎসবমুখর পরিবেশে আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে জার্সি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদ ও ফিসারিজ অনুষদ। টুর্নামেন্ট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. নাজমুল আহসান।


উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক চর্চার গুরুত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন, খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। একটি আধুনিক ও স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডা. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী হল প্রভোস্ট হাফিজুর রহমান এবং জহুরুল ইসলাম।


বক্তারা খেলায় প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেফারির বাঁশির মাধ্যমে মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ। এগ্রিকালচার ও ফিসারিজ অনুষদের মধ্যকার জমজমাট লড়াই উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]