নারীরা জুলাই আন্দোলন ও রাষ্ট্রীয় সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : সেলিম উদ্দিন

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১০:২৮:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১০:৩২:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


নারীরা জুলাইয়ের আন্দোলনসহ রাষ্ট্রীয় সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার বিকেলে রাজধানীর রামপুরা থানা এলাকায় একটি মিলনায়তনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সেলিম উদ্দিন বলেন, সমাজকে মাদকমুক্ত করতে মা-বোনদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে পারলে মাদকাসক্তি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, মাদকের ভয়াল ছোবলে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এ অবস্থার পেছনে স্থানীয় পর্যায়ের কিছু রাজনৈতিক নেতা-কর্মীর ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি।


মাদক নিয়ন্ত্রণে স্থানীয় সরকারের দায়িত্বশীলদের সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধিরা ইতিবাচক ভূমিকা পালন করলে সমাজে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব। ডিএনসিসি মেয়র প্রার্থী বলেন, রাজধানীতে নাগরিক সেবা পেতে মানুষকে নানামুখী ভোগান্তির শিকার হতে হয়। এর অন্যতম কারণ দায়িত্বহীনতা ও অসততা। একই সঙ্গে তিনি হামের প্রাদুর্ভাবের বিষয়টি উল্লেখ করে বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সেলিম উদ্দিন দাবি করেন, ঢাকা উত্তর সিটি এলাকায় জামায়াত প্রতিপক্ষের তুলনায় প্রায় ৪৫ হাজার ভোটে এগিয়ে রয়েছে, যা অনেকের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ জামায়াতকে সমর্থন করলে রাজধানীর উন্নয়ন ও সুশাসনে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, সমাজ গঠনে নারীদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুলাইয়ের আন্দোলনে রামপুরার অবদান স্মরণ করে তিনি বলেন, "জুলাইয়ের অনেক শহীদের রক্ত এই রামপুরার মাটিতে মিশে আছে। এই এলাকা থেকেই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে।"


বিগত কয়েক মাসে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি উপলক্ষে সাইকেল র‍্যালি, বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী ক্যাম্পেইনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া আগামী দিনে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে মোট ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।


তিনি বলেন, জামায়াত একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক ঢাকা উত্তর সিটি গড়ে তুলতে কাজ করছে। এমন একটি নগর গড়ে তোলা হবে, যেখানে দখলদারিত্ব, মশার উপদ্রব ও রোগবালাইমুক্ত পরিবেশ নিশ্চিত হবে এবং নাগরিকরা নির্বিঘ্নে সেবা পাবেন। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]