কুবিতে ‘খাদ্য নিরাপত্তা সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৮:৪৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১০:২৩:১৩ অপরাহ্ন
কুবি প্রতিনিধি:


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ‘ক্যাম্পাস ফুড সেফটি অ্যাওয়ারনেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম আকন্দের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।


বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রপরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. হারুন।


সেমিনারের শুরুতে আবাসিক হলের শিক্ষার্থীরা হলের খাবারের সংকট, মান ও বৈচিত্র্যের অভাব তুলে ধরে খাবারের মানোন্নয়নে ভর্তুকির দাবি জানান। জানা যায়, সেমিনারে বক্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে শিক্ষার্থী, প্রশাসন, হল কর্তৃপক্ষ এবং খাদ্য বিক্রেতাদের সমন্বিতভাবে কাজ করতে এবং খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি নিয়মিত তদারকি, বিক্রেতাদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যাম্পাসে একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'বিশ্ববিদ্যালয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফুড সেফটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি বিক্রেতাদের প্রশিক্ষণ, সঠিক খাদ্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং স্থায়ী ফুড সেফটি কমিটি গঠনের মাধ্যমে নিয়মিত তদারকির উদ্যোগ নেওয়া হবে।' কী-নোট স্পিকার অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, 'নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে পরিবেশন পর্যন্ত প্রতিটি ধাপে সতর্কতা জরুরি। খাদ্যে ভেজাল, দূষণ, ভুল সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সঠিক খাদ্য সংরক্ষণ ও নিরাপদ খাদ্য ব্যবহারের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।' প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, 'ক্যাম্পাসে নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে একটি সমন্বিত কাঠামো তৈরি করা হয়েছে। নিয়মিত ক্যান্টিন ও ডাইনিং পরিদর্শনের জন্য বিশেষ পর্যবেক্ষক দল গঠন করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মেস ও ক্যাম্পাসের বাইরের খাদ্যব্যবস্থাও পর্যায়ক্রমে তদারকির আওতায় আনা হবে।'


সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম আকন্দ বলেন, 'সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীলতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের খাবারের মান আরও উন্নত করা সম্ভব।'

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]