কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে জাল নোটসহ মাদক কারবারি আটক

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১১:০৫:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৩:০৯:৫৬ অপরাহ্ন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা কেনার চেষ্টার অভিযোগে আনোয়ার মিয়া (পিতা: কুদ্দুস মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজারসংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা সড়ক থেকে তাকে আটক করা হয়। তিনি পাথরডুবি ইউনিয়নের মইদাম কালিবাড়ি এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঢেবঢেবি বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন এবং এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনোয়ার মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতারের সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা কিনে বাংলাদেশে এনে বিক্রি করতেন। আটক হওয়ার সময় তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও পুলিশ জানায়। সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট নিজের হেফাজতে রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার মাদক ও চোরাকারবারিরা অধিক মুনাফার আশায় বাংলাদেশি জাল নোট ব্যবহার করে থাকে। নিজেদের স্বার্থে তারা একে অপরকেও প্রতারণা করতে দ্বিধা করে না। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]