নরসিংদীতে পুকুরে গোসলে নেমে তিন মামাতো-ফুফাতো বোনের মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৯:৫১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৯:৫১:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মিসেস ফাহিমা খাতুন নরসিংদীর মনোহরদী উপজেলাতে পুকুরে গোসল করতে নেমে তিন মামাতো-ফুফাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নর চর আহমদপুর গ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়শা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। তাদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি তাদের নানা খোরশেদ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। সুমাইয়া ছিল খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। দীর্ঘ সময় পার হলেও তিনজন ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক শিশু বিষয়টি জানালে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। তিন শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]