সন্ধ্যা নদীর ভাঙনে স্কুল-সড়ক হুমকিতে, জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার দাবিতে এলাকাবাসীর আবেদন

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৮:৩৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৮:৩৩:৪০ অপরাহ্ন
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন কারপেটিং সড়ক ও জনবসতি হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে অস্থায়ী জিওব্যাগ ফেলে নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী। আবেদনে উল্লেখ করা হয়, ১নং রমজানকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রমজানকাঠি রাস্তার মাথা লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা অত্যন্ত প্রয়োজন। তা না হলে নদীভাঙনের ফলে নতুন নির্মিত কারপেটিং সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর দাবি, ওই সড়কটি ক্ষতিগ্রস্ত হলে অন্তত তিনটি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হবে এবং মহাসড়কের সঙ্গে এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আবেদনে আরও বলা হয়েছে, এর আগে ভাঙনরোধে জিওব্যাগ ফেলা হলেও নদীর তীব্র স্রোত ও অতিরিক্ত ভাঙনের কারণে অনেক জিওব্যাগ নদীগর্ভে তলিয়ে গেছে। ফলে নতুন করে জরুরি ভিত্তিতে জিওব্যাগ না ফেললে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ সড়ক রক্ষা করা সম্ভব হবে না। এলাকাবাসীর পক্ষে আবেদনপত্রে স্বাক্ষর করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও গ্রামবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এম. এ. মান্নান এবং বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মিলন হোসেন। এছাড়া আবেদনপত্রের অনুলিপি বরিশাল পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বরিশাল পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন-এর কাছেও প্রদান করা হয়েছে। এলাকাবাসী দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]