সরকারি খাস জমি দখলের অভিযোগে কলমাকান্দায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৮:৫২:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৮:৫৫:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সরকারি খাস জমি দখল এবং পানি নিষ্কাশনের নালা নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে মো. আনোয়ার হোসেন ওরফে কালা (৪৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) উপজেলার পোগলা ইউনিয়নের পলাশহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


তিনি পোগলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন সরকারি খাস জমি (হালট) অবৈধভাবে দখল করে রাখায় ওই এলাকার কৃষিজমির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছিল না। ফলে প্রতি বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল। কৃষকদের দুর্ভোগ লাঘবে সম্প্রতি সরকারি উদ্যোগে ওই খাস জমিতে পানি নিষ্কাশনের নালা নির্মাণকাজ শুরু হলে আনোয়ার হোসেন তাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ ছাড়া সরকারি জমি দখল এবং এক বৃদ্ধের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়।


এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, সরকারি কাজে বাধা ও সরকারি খাস জমি দখলের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ার হোসেন ওরফে কালাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]