ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারানো আইনজীবীর ক্ষতিপূরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৯:৫৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১০:০০:৫৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক চোখের দৃষ্টিশক্তি হারানো আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের ক্ষতিপূরণ, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আইনজীবী,

সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমিতির সভাপতি মানসুরুল হক মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন কুমার সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, রেলওয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সমাজকর্মী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, যুবদল নেতা তাজুল ইসলাম, নদী ও পরিবেশ সুরক্ষাকর্মী সোহেল রানা ভূঞা এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী। বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি জঘন্য ও ভয়াবহ অপরাধ।


এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডে নিরীহ যাত্রীরা প্রাণ হারাচ্ছেন, স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন কিংবা দৃষ্টিশক্তি হারাচ্ছেন। শ্যামল চন্দ্র দাসের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তারা আরও বলেন, আহত শ্যামল চন্দ্র দাসের উন্নত চিকিৎসা, ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারের দায়িত্ব বলে জানান । একই সঙ্গে রেলপথে নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোরও দাবি জানান তারা।


মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপের মতো অপরাধ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করার দাবি জানান তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]