কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৪:০৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৪:০৭:২৬ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে দিনব্যাপী দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। সোমবার (২৯ জুন) সকালে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এবারের প্রতিপাদ্য ছিল- “শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।” আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম. কামরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তুলতে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও শোভন পরিবেশে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এদিকে, একই দিন দুপুরে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় তিনজন উপকারভোগীর হাতে মোট ৬৫ হাজার টাকা মূল্যের তিনটি ব্যাটারিচালিত অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তাদের স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি করে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]