ইবিতে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ’ ও ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০২:১৪:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০২:১৭:৩৭ অপরাহ্ন
ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস’ এবং ‘বৃক্ষরোপন-২০২৬’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন) দুপুরে প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান।


এসময় বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলিমুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব ও কর্মসূচির উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


ক্যাম্পাস সূত্রে, ‘ক্লিন ক্যাম্পাস’ এবং ‘বৃক্ষরোপন-২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণার পর ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। পরে সচেতনতামূলক যাত্রা শেষে শহিদ জিয়াউর রহমান ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ সংশ্লিষ্ট এলাকায় দোয়া মোনাজাত ও বৃক্ষরোপণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্যের নেতৃত্বে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস পরিষ্কারের অভিযান চালান। এবারের মাসব্যাপী কর্মসূচিতে ২০ প্রজাতির ১০ হাজার গাছ বিতরণ ও রোপণ করবে বলে জানান আয়োজক কমিটি।


উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসূচি বাস্তবায়ন কমিটির উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন বলেন, “পৃথিবীর পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা হবে এবং দেশে-বিদেশে বিশেষ বার্তা পৌঁছে যাবে।” এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয়। কর্মসূচির সফলতা কামনা করছি।” কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “মাননীয় উপাচার্য মতিনুর রহমান ক্যাম্পাসে যে উদ্যোগ নিয়েছেন তা নজিরবিহীন।


এর আগে বৃক্ষরোপণ হলেও এভাবে অভিজ্ঞ লোক নিয়ে বাস্তবায়ন হয়নি।” উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, “এই ক্যাম্পাসটি আমাদের প্রাণের ক্যাম্পাস। এখানকার জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখার দায়িত্ব সবার। আজকে এই কর্মসূচি উদ্বোধন করা হলেও আগামী একমাস চলবে।

এটি আমাদের বহু আগের পরিকল্পনা। আমি আজ এই ‘ক্লিন ক্যাম্পাস ও বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। বৃক্ষরোপণের জন্য জায়গা নির্বাচন গুরুত্বপূর্ণ। প্রকৌশলী ও এস্টেট অফিসকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]