মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে দুর্গাপুরে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১২:৩৬:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১২:৩৮:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে মাদককে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমী ও স্বেচ্ছাসেবীরা। রোববার (২৮ জুন) সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখতে আসা দর্শকদের সম্পৃক্ত করেই এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে ফুটবলপ্রেমী, শিক্ষার্থী, তরুণ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূলের আহ্বান জানান। একই সঙ্গে মাদক গ্রহণ থেকে বিরত থাকা এবং বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার শপথ নেন। শপথ গ্রহণ শেষে অংশগ্রহণকারীরা সমস্বরে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগান দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার।


তিনি বলেন, ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বিদায় করতে হবে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।


তবে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই মাদক নির্মূলে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]