ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং হাওরের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শহরের বিভিন্ন মাছের বাজার, জেলে পল্লী ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
“ডিমওয়ালা মা মাছ ধরবো না, দেশের ক্ষতি করবো না” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি করতে হলে ডিমওয়ালা মা মাছ এবং পোনা মাছ সংরক্ষণের কোনো বিকল্প নেই। মৎস্যসম্পদ রক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় জেলেরা জানান, মৎস্যসম্পদ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা পেলে তারা তা মেনে চলবেন। তারা বলেন, “আমরাও চাই দেশের সম্পদ রক্ষা হোক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছের উৎপাদন বৃদ্ধি পাক।”
তবে স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে এখনও পোনা মাছ আহরণ ও বিক্রি করে থাকে, যা মাছের উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশের জলজ সম্পদ রক্ষা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।