বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৭:০৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৭:০৮:৪৯ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন সারা দেশের ন্যায় বুড়িচং উপজেলায়ও একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।


বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আবেদীন ভূইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মো. মাহাবুবুর রহমান, ডা. আজরীন, এইচআই ইনচার্জ লাকি আক্তার, নার্সিং ইনচার্জ ফাতেমা আক্তার এবং এমটিপিআই মো. দেলোয়ার হোসেন।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় বুড়িচং উপজেলার ৪৩৩টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সহযোগিতা নেওয়া হবে। সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই কোনো শিশু যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় ক্যাম্পেইন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের শিশুদের নিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]