কুড়িগ্রামের চিলমারীতে মাদক ব্যবসায়ীদের বাড়িতে স্থানীয়দের হামলা

আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১২:৫২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১২:৫২:৫০ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় রমনা ঘাট এলাকায় চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
 
বুধবার (১৭ জুন) রাতে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের পনতিপাড়া ও সরকারপাড়া এলাকার আড়াই থেকে তিন শতাধিক মানুষ এ ঘটনায় অংশ নেয়।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ীর অভিযোগে চিহ্নিত কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিলো। এর জেরে বুধবার রাতে বিক্ষুব্ধ জনতা রমনা ঘাট এলাকার অন্তত সাতজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
 
যাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, তাদের মধ্যে রয়েছেন মোঃ মুকুল মিয়া, তার ভাই মোঃ মিঠু মিয়া, মোঃ রিপন মিয়া, মোঃ আলম ভাটিয়া, মোঃ আলী হোসেন, মোঃ ইমন মিয়া, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ বাবু মিয়া।
 
স্থানীয়দের দাবি, এর আগে অভিযুক্তদের মাদক কারবার বন্ধ করার জন্য একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা কার্যক্রম বন্ধ না করায় ক্ষুব্ধ হয়ে দুই গ্রামের মানুষ একত্রিত হয়ে এ হামলা চালায়।
 
বিক্ষুব্ধ জনতার মধ্যে মোঃ জুয়েল রানা, মোঃ সিফাত হোসেন ও মোঃ লিমন হাসান জানান, মাদক ব্যবসায়ীরা এখন বিভিন্নভাবে তাদের হুমকি দিচ্ছে। এমনকি তাদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেওয়া হচ্ছে। ঘটনার সময় আহত হয়েছেন মোঃ রোকুনজ্জামান রানু, মোঃ লিমন মিয়া, মোঃ রুবেল মিয়া, মোঃ মামুন মিয়া ও মোঃ মাইদুল ইসলাম। পরে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
 
এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ‘মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে। অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]